রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

পল্লবীতে নিহত শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ২১, ২০২৬, ০৮:৩৬ পিএম

পল্লবীতে নিহত শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফর

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছর বয়সী শিশু রামিসার পরিবারের সাথে দেখা করতে তার বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পল্লবীতে শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে এবং ঘটনার সর্বশেষ পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে সেখানে পৌঁছাবেন। 

রামিসার মর্মান্তিক এ ঘটনায় পুরো দেশ ব্যথিত এবং এই সফরের মধ্য দিয়ে সরকারপ্রধান অপরাধীদের দ্রুত বিচারের বার্তা দিতে চাইছেন।এর আগে শিশু রামিসা হত্যার দ্রুত তদন্ত ও বিচারের লক্ষ্যে আইনি তৎপরতা জোরদার করা হয়েছে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অপরাধীর দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ কমিশনারকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে, প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করায় মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

রামিসার বাবার করা মামলায় অভিযুক্ত সোহেল, তার স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতনামা সহযোগীদের কারাগারে পাঠানো হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা ও ন্যায়বিচারের আশ্বাস দেবে বলে আশা করা হচ্ছে।রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া এই পদক্ষেপ অপরাধীদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। 

পল্লবীর ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং মামলাটির বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। রামিসার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আইনি নিরাপত্তা নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম লক্ষ্য।