রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

অবৈধভাবে আসা পশু বর্জনের আহ্বান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

জাতীয় ডেস্ক

মে ২১, ২০২৬, ১০:০১ পিএম

অবৈধভাবে আসা পশু বর্জনের আহ্বান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের খামারিদের স্বার্থ রক্ষা ও জাতীয় অর্থনীতির সুরক্ষায় সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা কোরবানির পশু বর্জনের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশে চাহিদার তুলনায় কোরবানির পশুর পর্যাপ্ত উৎপাদন রয়েছে, ফলে প্রতিবেশী দেশ থেকে অবৈধ পথে পশু আনার কোনো প্রয়োজন নেই। 

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত ‘কোরবানি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী আরও বলেন, অবৈধভাবে আসা পশু কেনা ধর্মীয় ও সামাজিকভাবে কতটা যৌক্তিক, তা নিয়ে নাগরিকদের সচেতন হওয়া প্রয়োজন।

কর্মশালায় তিনি চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উল্লেখ করেন, দেশের বিশাল যুবশক্তিকে দক্ষতা ও উৎপাদনশীল কাজে ব্যবহার করে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। 

তিনি মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। দেশের স্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।কর্মশালায় প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মাংস প্রক্রিয়াজাতকারী ও ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্যরা অংশ নেন।

প্রতিমন্ত্রীর এই আহ্বান খামারিদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। দেশীয় খামারিদের সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার সবসময় বদ্ধপরিকর। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবং দেশীয় সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমেই ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।