মে ২২, ২০২৬, ০৪:২৬ পিএম
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আবারও উত্তাল হয়ে উঠেছে মিরপুর এলাকা। শুক্রবার ঢাকার মিরপুরে ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা। এই আন্দোলনের জেরে ওই এলাকার প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।এর আগে বৃহস্পতিবার রাতেও মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করা হয়।
বিক্ষুব্ধ জনতা ‘জাস্টিস ফর রামিসা’ ও ‘ফাঁসি চাই’ স্লোগান দিয়ে রাস্তা দখল করে রাখেন। জবানবন্দি বা আইনি দীর্ঘসূত্রতা নয়, ২৪ ঘণ্টার মধ্যে আসামির ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা। বিক্ষোভকারীদের মতে, দেশে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই ধরনের নৃশংস ঘটনা বারবার ঘটছে। চলচ্চিত্র ও নাটক সংশ্লিষ্ট বিনোদন জগতের তারকারাও এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত সোহেল রানা ইতিমধ্যে আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। নিহত শিশুর পরিবার কুলখানির আনুষ্ঠানিকতার জন্য ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে গেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন