মে ২৩, ২০২৬, ০৩:০৯ পিএম
দেশের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কোনো চালক একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে বিআরটিএ। শনিবার সংস্থাটির সদর কার্যালয় থেকে জারি করা এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। একটানা দীর্ঘ সময় গণপরিবহন চালানোর কারণে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এই বিষয়ে কঠোর অবস্থান নিশ্চিত করেছে।বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি কোনো যানবাহন চালাতে পারবেন না।
এরপর চালককে অন্তত আধা ঘণ্টা বিশ্রাম দিয়ে পুনরায় সর্বোচ্চ তিন ঘণ্টা গাড়ি চালানোর অনুমতি দেওয়া যাবে। অর্থাৎ একজন পেশাদার চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কোনোভাবেই দায়িত্ব পালন করতে পারবেন না। নির্ধারিত এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে গণপরিবহন চালালে লাইসেন্সের পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশনও বাতিল করা হবে।
সড়ক দুর্ঘটনা রোধে মোটরযান মালিক ও চালকদের এই নতুন নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
অতিরিক্ত ট্রিপের আশায় চালকদের ওপর বাড়তি মানসিক ও শারীরিক চাপ না দিতে বাস মালিকদের সতর্ক করা হয়েছে। নিয়ম অমান্যকারীদের চিহ্নিত করতে মহাসড়কগুলোতে বিআরটিএ’র বিশেষ নজরদারি টিম কাজ শুরু করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন