রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

অষ্টম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্নি

জাতীয় ডেস্ক

মে ২৭, ২০২৬, ১০:১৫ এএম

অষ্টম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্নি

মাউন্ট এভারেস্টের চূড়ায় নুরুন্নাহার নিম্নি

মাউন্ট এভারেস্টের চূড়া জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। বুধবার নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে বিশ্বের সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গের শিখরে পা রাখেন তিনি। এভারেস্টের চূড়ায় উড়িয়েছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

এভারেস্ট জয়ী অষ্টম বাংলাদেশি তিনি।গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নিম্নি। যাত্রাপথে কয়েক দফা প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। 

তবে সব বাধা পেরিয়ে গত ২৫ মে ক্যাম্প-৪ থেকে চূড়ান্ত আরোহণ বা সামিট পুশ শুরু করেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ ভোরে তিনি বিশ্বের সর্বোচ্চ শিখরে পৌঁছান।বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব তাঁর এই অর্জনের খবর নিশ্চিত করেছে।

বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি-এর প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন নিম্নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক এই শিক্ষার্থী পাহাড়ের প্রতি প্রবল ভালোবাসা থেকে পর্বতারোহণে নাম লেখান। 

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশের কোনো নারী এভারেস্টের চূড়ায় উঠলেন। এর আগে ২০১২ সালের ১৯ মে নিশাত মজুমদার এবং ২৬ মে ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করেছিলেন।বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নুরুন্নাহার নিম্নির এই কৃতিত্ব নতুন এক গৌরবগাথা যোগ করল। তাঁর এই সফল অভিযানে দেশজুড়ে বইছে আনন্দের হাওয়া।