রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ

জাতীয় ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৪:২৮ পিএম

জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় চার থেকে ছয় স্তরের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জাতীয় ঈদগাহসহ মহানগরীর প্রায় এক হাজার প্রধান ঈদ জামাত ঘিরে দেড় হাজার পুলিশ সদস্য সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবেন। ঈদের দিন পুরো ঢাকা শহরের সার্বিক সুরক্ষায় দায়িত্ব পালন করবেন প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য।

জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমসহ গুরুত্বপূর্ণ জামাতগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি কূটনীতিকেরা অংশ নেবেন। 

নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ঈদগাহ এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং ড্রোনের মাধ্যমে আকাশপথ থেকেও কড়া নজরদারি করা হবে। প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর, ওয়াচ টাওয়ার এবং কড়া তল্লাশির পাশাপাশি সোয়াত, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। 

ঈদের দিন সকাল ৬টা থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত ঈদগাহের আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে।মুসল্লিদের শুধু জায়নামাজ ও প্রয়োজনে ছাতা সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানিয়েছে প্রশাসন।একই সাথে কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া আবাসিক এলাকা, ব্যাংক, এটিএম বুথ ও শপিং মলগুলোতে মোবাইল ও মোটরসাইকেল পেট্রোলিং জোরদার করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে সাইবার ইউনিট সার্বক্ষণিক নজরদারি সচল রেখেছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের সার্বিক ছুটি সর্বোচ্চ ১০ থেকে ১৫ শতাংশে সীমিত রাখা হয়েছে।