জুন ৭, ২০২৬, ০২:৪৬ পিএম
দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা নেটওয়ার্ক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি প্রদানের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। এটিকে জ্ঞান-বিজ্ঞান, প্রশিক্ষণ এবং সুনাগরিক তৈরির সূতিকাগারে পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের। রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।উপদেষ্টা মাহদী আমিন বলেন, উচ্চশিক্ষাকে সনদনির্ভর না করে কর্মমুখী ও বাস্তবসম্মত করতে সরকার কাজ করছে।
এর অংশ হিসেবে ক্যারিয়ার সেন্টার, জব প্লেসমেন্ট কার্যক্রম এবং শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠা, এপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পরিবেশ ও জনকল্যাণমূলক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ২ হাজার ২৮৫টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এই বিশাল জনগোষ্ঠীর সঠিক মানোন্নয়ন মানেই পুরো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও কর্মসংস্থান পরিস্থিতির পরিবর্তন। মাহদী আমিন উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ ও সাধারণ মানুষের ক্ষমতায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রধান বাহন হিসেবে কাজ করে।শিক্ষা ব্যবস্থাকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করতে হবে।
তিনি আরও জানান, সেশনজট নিরসনে পরীক্ষা পদ্ধতি ডিজিটাইজেশন এবং আধুনিক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় যে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মাধ্যম হবে না; বরং তা হবে সৃজনশীল ও আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক তৈরির প্রধান ভিত্তি।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন