জুন ৭, ২০২৬, ০৪:৪০ পিএম
তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। রোববার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে তা সংসদে গৃহীত হয়।মৃতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
শোক প্রস্তাব গৃহীত হওয়ার সময় প্রয়াতদের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানানো হয়।যাদের মৃত্যুতে শোক জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এবিএম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ এবং দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিন।
এছাড়া বিএনপির সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন ও জিএম ফজলুল হক রয়েছেন তালিকায়। জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক ও গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সংসদ সদস্য মো. সামসুদ্দোহার মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়েছে।
সংসদের রীতি অনুযায়ী, প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতেও শোক জানানো হয়।পাশাপাশি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন, সংগীত শিল্পী মুস্তফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমরসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংসদ।
শিশু রামিসা, ফাহিমা মিম, নরসিংদীর আমিনা ও তাবাসসুম আক্তারের ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনায়ও সংসদ শোক প্রকাশ করেছে। দেশের বিভিন্ন প্রান্তে ঘটা এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সংসদীয় আলোচনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন