জুন ৮, ২০২৬, ১১:৫৮ এএম
হামে ব্যর্থতা ও শিশু মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল।
আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ জানিয়েছেন, মামলার আবেদন জমা হয়েছে, তবে এখনো শুনানি হয়নি।মামলার অন্য আসামিরা হলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
মামলার অভিযোগে বলা হয়েছে, তৎকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্বে চরম অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের কারণে শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশুর জীবন বিপন্ন হয়েছে।
অভিযোগকারীর মতে, এটি হত্যাকাণ্ডের শামিল।আবেদনে বলা হয়, সরকার আগে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলা টিকা আমদানি করত। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেই টিকা আমদানি বন্ধ করে দেওয়া হয়। টিকা সংগ্রহের উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় দেশে টিকায় সংকট তৈরি হয়।
অভিযোগ করা হয়েছে, দায়িত্বশীলরা যথাসময়ে টিকা আমদানি না করে শাস্তিযোগ্য ও অমানবিক অপরাধ করেছেন। এতে নাগরিকদের সঙ্গে প্রতারণা এবং মৌলিক অধিকার হরণের ঘটনা ঘটেছে। এর আগে গত মে মাসে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন