জুন ৮, ২০২৬, ০৪:৪৯ পিএম
বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা বা ইউনেপের ফুড ওয়েস্ট ইনডেক্স ২০২৪ প্রতিবেদনের বরাতে মন্ত্রী এ কথা বলেন।সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম খাদ্য অপচয় রোধে মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।
জবাবে খাদ্যমন্ত্রী জানান, ইউনেপের প্রতিবেদনে উল্লিখিত ৩৫ লাখ টন খাদ্য অপচয়ের তথ্যটি সামগ্রিক। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্য সংগ্রহ করে গুদাম ও সাইলোতে সংরক্ষণ করা হয়। সেখান থেকে বিতরণের সময় অব্যবস্থাপনার কারণে কিছু খাদ্যশস্য নষ্ট হতে পারে।
তবে আধুনিক সাইলো ও খাদ্য গুদাম নির্মাণ এবং সংশ্লিষ্ট অংশীজনের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে। এর ফলে সরকারি ব্যবস্থাপনায় খাদ্যশস্যের অপচয় ধারাবাহিকভাবে কমছে।
পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৩-২০২৪ অর্থবছরের মোট ঘাটতি বা অপচয়ের পরিমাণ ছিল ২১ হাজার ৩২৯ দশমিক ৮৮ মেট্রিক টন, যা ছিল মোট খাদ্যশস্যের শূন্য দশমিক ৩১৬ শতাংশ। পরবর্তী ২০২৪-২০২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৮৭ দশমিক ৩৪৭ মেট্রিক টনে বা শূন্য দশমিক ২৮ শতাংশে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপচয় রোধকল্পে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে বলে তিনি সংসদে জানান। পণ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত পণ্যের ক্ষতি রোধে নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন