রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

জাতীয় ডেস্ক

জুন ৯, ২০২৬, ১২:৩০ পিএম

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

আজ ৯ জুন, বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস। ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) ও ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইএলএসি)-এর উদ্যোগে প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য হলো— ‘উদ্ভাবন, আস্থা এবং টেকসই উন্নয়ন : অ্যাক্রেডিটেশনের শক্তি।’

পণ্যের নিরাপত্তা, গুণগত মান নিশ্চিত করা এবং বৈশ্বিক বাজারে পণ্য ও সেবার প্রতি আস্থা বৃদ্ধিতে অ্যাক্রেডিটেশন বা আনুষ্ঠানিক স্বীকৃতির গুরুত্ব অপরিসীম। ২০০৭ সালে এই দিবসের সূচনা হয় এবং ২০০৮ সালে প্রথমবারের মতো এটি পালিত হয়। 

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে।প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে বাণীতে বলেন, অ্যাক্রেডিটেশন কেবল একটি সনদ নয়, বরং এটি দেশের শিল্প খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার এক শক্তিশালী হাতিয়ার। 

পণ্য ও সেবার আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে অ্যাক্রেডিটেশন ব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন যে, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের মাধ্যমেই বর্তমান বিশ্বের বাজারে আস্থা অর্জন সম্ভব।বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এ পর্যন্ত দেশে ১৬৮টি সরকারি, বেসরকারি ও বহুজাতিক সংস্থাকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে। 

পাঁচটি ক্ষেত্রভিত্তিক স্কিমের মাধ্যমে বিএবি দেশের পণ্য ও সেবাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার কাজ করে যাচ্ছে। পণ্য উৎপাদনের ক্ষেত্রে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশগত প্রভাবের ওপর গুরুত্বারোপ করে বিএবি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দিবসটি উপলক্ষে দেশের সব শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।