রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশে সব বড় উন্নয়ন শহীদ জিয়াই করেছিলেন: সমাজকল্যাণ মন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৩:১৯ পিএম

বাংলাদেশে সব বড় উন্নয়ন শহীদ জিয়াই করেছিলেন: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী

বাংলাদেশে সব বড় উন্নয়ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই করেছিলেন। শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১২টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ক্যাম্পাসে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন এই দাবি করেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েটেড বডিসমূহের সাথে আয়োজিত এক মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এই কথা বলেন। 

দেশের শিক্ষাব্যবস্থাকে প্রকৃত অর্থে এগিয়ে নেওয়ার পেছনেও এই নেতার অনন্য অবদান ছিল বলে তিনি উল্লেখ করেন।সব উন্নয়নের পেছনে শহীদ জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জড়িত ছিলেন।সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা জাহিদ হোসেন বলেন, এই ধরনের সেবামূলক স্বাস্থ্য ফাউন্ডেশনকে নিয়ে কারো রাজনীতি করা উচিত নয়। এটিকে কোনো দলের সম্পত্তি না ভেবে সাধারণ মানুষের সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি। 

তিনি স্মৃতিচারণ করে বলেন যে বেগম খালেদা জিয়া কখনো তাঁর দলের কোনো লোককে এ ধরনের চিকিৎসা সেবা সমিতিতে নেওয়ার জন্য জোর দেননি। বর্তমান প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য এক ধরনের গভীর ষড়যন্ত্র চলছে বলে তিনি মন্তব্য করেন এবং এ বিষয়ে গণমাধ্যমকে সত্য তুলে ধরার অনুরোধ জানান।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড হাসনাইন আখতার হকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এবং সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়া দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এবং পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডা এটিএম ফরিদ উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন। সব ধরনের রাজনৈতিক মতভেদ পরিহার করে জেলার সামগ্রিক উন্নয়নের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয় এই সভা থেকে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা খন্দকার আব্দুল আউয়াল রিজভী জানান যে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ইতিমধ্যেই ৪৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি এই হাসপাতালে দ্রুত ওপেন হার্ট সার্জারি চিকিৎসা ব্যবস্থা চালু করার বিশেষ পরামর্শ দেন। নিজেকে ভালো রাখতে ধূমপান ত্যাগ করার পাশাপাশি সবাইকে চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন তিনি। অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শেখ সাদেক আলী, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সুপার জেদান আল মুসা এবং সিভিল সার্জন আসিফ ফেরদৌসসহ স্থানীয় চিকিৎসকেরা অংশ নেন।