জুন ১২, ২০২৬, ০৩:৪৬ পিএম
দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ৫-জি পৌঁছে দিতে চায় সরকার। একই সঙ্গে দেশের প্রতিটি প্রান্তে সর্বস্তরের গ্রাহকদের জন্য ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড গতি নিশ্চিত করার সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এই ঘোষণা দেওয়া হয়।নতুন এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় খাত। এটি অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে এই খাতের অবদান মাত্র ১ থেকে ২ শতাংশের কাছাকাছি হলেও আগামী পাঁচ বছরে তা ১০ শতাংশে উন্নীত করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
এই লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও ওয়ারলেস কানেক্টিভিটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি নাগরিকদের জন্য ওয়ান সিটিজেন-ওয়ান আইডি এবং ওয়ান ডিজিটাল ওয়ালেট ব্যবস্থা দ্রুত চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ৫-জি ইন্টারনেট পৌঁছে দিতে ন্যাশনাল ফাইবার ব্যাংক স্থাপন করা হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন ট্রেন এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে উচ্চ গতির ফ্রি ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হয়েছে।
স্পিকার ডক্টর হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই বাজেট অধিবেশন শুরু হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়। এটি সরকারের প্রথম বাজেট। টাকার অঙ্কে প্রস্তাবিত এই বিশাল বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। মোট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন