শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ নিয়ে বড় সুখবর

জাতীয় ডেস্ক

জুন ২৮, ২০২৬, ০৯:৫২ পিএম

রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ নিয়ে বড় সুখবর

দেশের জ্বালানি খাতে অত্যন্ত যুগান্তকারী এক সুখবরের কথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। উৎপাদনের সবশেষ জটিল ধাপ পেরিয়ে আর মাত্র দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ।রোববার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পটি বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের পূর্ববর্তী শেষ এবং অত্যন্ত জটিল ধাপ। আগামী আগস্ট মাসের শেষ নাগাদ এই কেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার এই ঘটনাটি দেশের জ্বালানি নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

একই অধিবেশনে দেশের নিম্ন আয়ের মানুষের জন্য আরেকটি বড় সুখবর দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি এলাকায় সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে তিনি জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৯৮ একর জমিতে এবং দেশের রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ বিভিন্ন পৌর এলাকার ৩৭টি বস্তিতে স্বল্প আয়ের মানুষের উন্নত আবাসন নিশ্চিত করতে এই মেগা প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির প্রস্তাব করেছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রবীণদের মাসিক ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা এবং বিধবাদের ভাতাও ৭০০ টাকা করার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার লক্ষ্য রয়েছে সরকারের। ভাতার ক্ষেত্রে বিগত বছরগুলোর রাজনৈতিক বিবেচনা ও যাবতীয় অনিয়ম দূর করতে দেশজুড়ে প্রকৃত দুস্থদের তালিকাভুক্ত করা এবং ভুয়া সুবিধাভোগীদের বাদ দিতে একটি কঠোর শুদ্ধি অভিযান ও ডাটাবেজ যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে বলেও সমাজকল্যাণ মন্ত্রী সংসদকে অবহিত করেন।