রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

প্রবাসীদের এনআইডি কার্যক্রম শুরু ৩ দেশে যাচ্ছে নির্বাচন কমিশনের টিম

জাতীয় ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১১:০৪ পিএম

প্রবাসীদের এনআইডি কার্যক্রম শুরু ৩ দেশে যাচ্ছে নির্বাচন কমিশনের টিম

সিঙ্গাপুর, ফ্রান্স ও বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে কারিগরি ও ব্যবস্থাপনা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শনিবার নির্বাচন কমিশনের উপসচিব জি এম সাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।জুলাই মাস থেকেই এই কার্যক্রম পরিচালনার জন্য ছয়টি পৃথক আদেশ জারি করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৩ জুলাই বাহরাইনে যাবে চার সদস্যের কারিগরি টিম এবং ১৫ জুলাই যাবে দুই সদস্যের ব্যবস্থাপনা দল। সিঙ্গাপুরে ২৭ জুলাই চার সদস্যের কারিগরি টিম এবং ২৯ জুলাই দুই সদস্যের ব্যবস্থাপনা টিম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালকের নেতৃত্বে ফ্রান্সে যাবে চার সদস্যের টিম এবং ২২ জুলাই মহাপরিচালকের নেতৃত্বে ব্যবস্থাপনা টিম দেশটিতে যাবে।

এই পুরো সফরের ব্যয়ভার আইডিইএ প্রকল্প-২ থেকে বহন করা হবে। বর্তমানে বিশ্বের ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। নতুন করে সিঙ্গাপুর, ফ্রান্স ও বাহরাইন যুক্ত হওয়ায় এই পরিধি আরও বাড়বে।

সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে এনআইডি আবেদন সংগ্রহ করা হবে। এরপর তা যাচাই-বাছাই শেষে দেশে এনআইডি প্রিন্ট করে পুনরায় দূতাবাসের মাধ্যমে তা আবেদনকারীদের সরবরাহ করবে নির্বাচন কমিশন। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইসি তাদের এই সেবার পরিধি ধারাবাহিকভাবে সম্প্রসারণ করছে।