জুলাই ৯, ২০২৬, ০২:২৮ পিএম
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাকে ভাগ করে ফটিকছড়ি উত্তর, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে ভাগ করে দক্ষিণ গফরগাঁও এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাঙ্গরা নামে নতুন উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বা নিকারের ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি এবং সুয়াবিল—এই ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য প্রয়োজনীয় অফিস সেট-আপও অনুমোদন করা হয়েছে।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব—এই আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য প্রয়োজনীয় অফিস সেট-আপ অনুমোদন দেওয়া হয়েছে।
কুমিল্লার বাঙ্গরা উপজেলা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর পূর্ব, পূর্বধৈইর পশ্চিম, বাঙ্গরা পূর্ব, বাঙ্গরা পশ্চিম, চাপিতলা, রামচন্দ্রপুর উত্তর এবং টনকী—এই দশটি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন এই উপজেলার অফিস সেট-আপও অনুমোদন করেছে সরকার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন