রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, আলোচনায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জাতীয় ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ১০:৪৪ এএম

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, আলোচনায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

নতুন রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয় নিয়ে আজ শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলের শীর্ষস্থানীয় নেতাদের অংশগ্রহণে এই বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনই মূল এজেন্ডা হিসেবে নির্ধারিত হয়েছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, চলতি আগস্ট মাসের মধ্যেই এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার দলীয় প্রধানের ওপরই ন্যস্ত হতে পারে।সম্ভাব্য প্রার্থীদের তালিকায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলীয় ঐক্যের স্বার্থে তার নাম এগিয়ে রয়েছে বলে নেতাকর্মীদের ধারণা। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান এবং ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। এর বাইরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং প্রধান মুহাম্মদ ইউনূসের নামও রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে।

গত ২৪ জুলাই শারীরিক ও মানসিক সক্ষমতার কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর থেকে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে প্রস্তুতি শুরু করেছেন। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

রাষ্ট্রপতি নির্বাচন ও দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি আজকের স্থায়ী কমিটির বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে মাঠের কর্মসূচি এবং বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘাতের ঘটনাগুলো খতিয়ে দেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার কৌশল নির্ধারণ করা হতে পারে।