আগস্ট ২, ২০২৬, ০৩:৫৮ পিএম
রাজধানী ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত সভায় তিনি এই কড়া নির্দেশনা দেন। একই সঙ্গে নদীর দূষণরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্য ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঢাকার চারপাশের নৌপথে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
গুরুত্বপূর্ণ এই সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন