শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জাতীয় ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৩:২১ পিএম

পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা এবং একটি টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের একটি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশিষ্ট বিশেষজ্ঞ এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের নেতৃত্বে এই প্রতিনিধিদল সভায় যোগ দেয়।বৈঠকে দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা রক্ষা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বৃষ্টির পানি সংরক্ষণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

দ্রুত নগরায়নের ফলে তৈরি হওয়া জলাবদ্ধতা ও পানি সংকট দূর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দীর্ঘ ও মধ্যমেয়াদি কার্যকর পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়।

সব পক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর প্রধানমন্ত্রী দেশের পরিবেশ সুরক্ষা এবং সাধারণ নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।এই উচ্চপর্যায়ের বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।