বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ৬, ২০২৬, ০৬:১২ পিএম

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

নদীদূষণ বর্তমান সময়ে একটি অত্যন্ত দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন যে নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে বলে তিনি সতর্ক করেন।

কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী।বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের প্রধান উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উপায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে ফেলা, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদীদূষণের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার বা ইটিপি কার্যকরভাবে পরিচালনা করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ আইন যথাযথভাবে প্রয়োগ এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, ঢাকা ওয়াসা, রাজউক, সিটি করপোরেশন এবং বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে। রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে একটি সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রম সমন্বয় করে নিয়মিত অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাখিল করবে। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ উধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।