আগস্ট ১৬, ২০২৬, ১২:২৬ পিএম
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন ভবনে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়।‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই যাচাই-বাছাই সম্পন্ন করেন।
রোববার বেলা এগারোটার দিকে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে প্রথমে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের মনোনয়নপত্র যাচাই করা হয়। এরপর দুপুর বারোটার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা যাচাই করে কমিশন। প্রয়োজনীয় সকল শর্ত পূরণ থাকায় উভয় প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে গৃহীত হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ পাবেন। এরপরও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের সর্বোচ্চ পদের এই নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন