রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

গ্যাস-বিদ্যুতের ভোগান্তি কাটাতে আরও দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ০৩:২৬ পিএম

গ্যাস-বিদ্যুতের ভোগান্তি কাটাতে আরও দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

গ্যাস ও বিদ্যুতের সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কোনো ব্যবস্থা কার্যকর করতে গেলে এই ভোগান্তি কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানান তিনি।রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যামচেম আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতি সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই সংকট নিরসনে কোনো সময় নষ্ট করছে না এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সমস্যাগুলো অতীত থেকে তৈরি হয়েছে দাবি করে তিনি জানান, সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুতের সমন্বয়ে একটি কার্যকর ‘এনার্জি মিক্স’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

ব্যবসার পরিবেশ উন্নত করতে কর ব্যবস্থায় লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমানোর ওপরও বিশেষ জোর দিচ্ছে সরকার।সেমিনারে দেশের পুঁজিবাজার আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। সরকারের বহুমুখী পদক্ষেপে দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।