আগস্ট ১৭, ২০২৬, ১০:০৯ এএম
দীর্ঘ প্রায় দুই দশক পর চব্বিশের গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে নতুন সমীকরণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে। গত ফেব্রুয়ারিতে শপথ নেওয়ার পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছিল বর্তমান প্রশাসন।
ছয় মাস পার হওয়ার পর এই অগ্রাধিকারগুলোর বাস্তবায়ন নিয়ে জনমনে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নির্ধারিত লক্ষ্যমাত্রার অধিকাংশই পূরণ হয়েছে এবং রাষ্ট্রীয় ব্যয় কমানোর উদ্যোগ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমগুলোও ইতিবাচক সাড়া ফেলেছে। তবে এর বিপরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের বাজার নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে।
বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, অপরাধপ্রবণতা ও সামাজিক সহিংসতার ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত স্বস্তি আসেনি। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং গ্যাস সরবরাহের ঘাটতি জনজীবনকে ব্যাহত করেছে। অন্যদিকে, কূটনৈতিক ক্ষেত্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়া এবং চীন ও মালয়েশিয়ার সঙ্গে সফল সফরকে সরকারের বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
তবে রাজনৈতিক সংস্কার ও সুশাসনের প্রশ্নে সরকারের সামনে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের সুনির্দিষ্ট প্রয়োগ নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, সরকারের আগামী দিনের সাফল্য নির্ভর করবে সাধারণ মানুষের দৈনিব জীবনের চাপ কমানো এবং প্রশাসনিক সংস্কারের কার্যকর বাস্তবায়নের ওপর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন