আগস্ট ১৮, ২০২৬, ০৯:২৬ পিএম
রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আগামী বৃহস্পতিবার ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন এগারো-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মধ্যে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।মঙ্গলবার বিকেল চারটায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন ব্যালট পেপার তৈরি করা হবে এবং প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন। ব্যালট পেপারের ডান অংশে প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো থাকবে, যেখানে স্বাক্ষর করে ভোটারদের নিজেদের রায় জানাতে হবে।
সংসদে মোট সদস্যসংখ্যা ৩৫০ জন হলেও এক সংসদ সদস্যের পদ বাতিল হওয়ায় এবারের নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। সেখানে ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন