আগস্ট ১৯, ২০২৬, ০১:১২ পিএম
হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের বড় একটি অংশ জীবনের প্রথম ছয় মাস পূর্ণাঙ্গভাবে মায়ের বুকের দুধ পায়নি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের যৌথভাবে পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, হামে মৃত শিশুদের ৮২ শতাংশই পরিপূর্ণ বুকের দুধ থেকে বঞ্চিত ছিল।
রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় এই গবেষণা ফলাফল তুলে ধরা হয়। হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তিনশ চৌত্রিশ শিশুকে এই গবেষণার আওতাভুক্ত করা হয়।গবেষণায় আরও বলা হয়, আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশই বিভিন্ন মাত্রার অপুষ্টিতে ভুগছিল। এর মধ্যে ১২ শতাংশ শিশু তীব্র অপুষ্টি এবং বাকি অংশ মাঝারি অপুষ্টির শিকার ছিল।
বয়স ও টিকা গ্রহণের তথ্যের ভিত্তিতে শিশুদের বিভিন্ন দলে ভাগ করে পর্যালোচনা করা হয়। গবেষকরা জানান, দুই ডোজ টিকা নেওয়ার পরও কিছু শিশুর হাম শনাক্ত হওয়ার কারণ জানতে আরও বিস্তৃত পরিসরে গবেষণা প্রয়োজন। তবে পুষ্টিহীনতা ও রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতি এতে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন