আগস্ট ২১, ২০২৬, ০৩:২৩ পিএম
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের সময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ সময় সমাধিস্থলের চারপাশে ডিএমপি পুলিশ, ডিবি ও এসএসএফ সদস্যদের বিশেষ নিরাপত্তা বলয় লক্ষ্য করা গেছে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে নিজের কর্মস্থল বঙ্গভবনে যাওয়ার পূর্বে ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করেন তিনি।
আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এই দিনটিকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন