বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে সংসদে উত্তেজনা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ০৬:৩৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে সংসদে উত্তেজনা

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে সংসদ সদস্যদের মধ্যে তীব্র উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মামলা পরিচালনার প্রসঙ্গ তুলে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী মন্তব্য করেন যে শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে কথা বলা এক নয়। এই বক্তব্যের পর পরই বিরোধী দলের সদস্যদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে এই ঘটনা ঘটে।অধিবেশন চলাকালে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া মামলা দায়েরের অভিযোগ তোলেন। 

তিনি প্রশ্ন করেন, দিনের আলোতে অস্ত্র উঁচিয়ে ছিনতাই ও হামলার ঘটনা ঘটলেও কেন প্রকৃত আসামিদের বাদ দিয়ে উল্টো রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করা হচ্ছে। এই বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রতিক্রিয়ায় ওই মন্তব্য করলে সংসদ কক্ষের পরিবেশ হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে এবং তুমুল হৈচৈ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আসন থেকে হস্তক্ষেপ করেন। তিনি সদস্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এখানে ইচ্ছামতো সরকারের সমালোচনা করার পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং প্রত্যেকের কথা শোনার ধৈর্য থাকা দরকার। তিনি সবাইকে নিজ নিজ আসনে বসে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান এবং পরবর্তীতে পর্যাপ্ত সুযোগ দেওয়ার আশ্বাস দেন।