শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ইউপি নির্বাচনের প্রচারণার রাতেই বিএনপি নেতার মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:৪৪ পিএম

ইউপি নির্বাচনের প্রচারণার রাতেই বিএনপি নেতার মৃত্যু

কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার কয়েক ঘণ্টার মাথায় এক বিএনপি নেতার আকস্মিক মৃত্যু হয়েছে। মৃত সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহসভাপতি ছিলেন।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার সুহিলপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ চালান খোকন। রাতে বাড়ি ফিরে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। স্বজনরা তাকে প্রথমে ইলিয়টগঞ্জ বাজারের একটি ক্লিনিকে এবং পরে অবস্থার অবনতি হলে দাউদকান্দির গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয় বলে মেজ ছেলে সাঈদ নিশ্চিত করেছেন।

আগামী ইউপি নির্বাচনে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন। সন্ধ্যায় শালিখা বাজারের এক পথসভায় তিনি জোর গলায় বলেছিলেন, বেঁচে থাকতে কেউ তাকে নির্বাচন থেকে সরাতে পারবে না। তার এমন আত্মবিশ্বাসী বক্তব্যের কয়েক ঘণ্টা পরই মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

সুহিলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোস্তফা আহমেদ ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। কুমিল্লা-সাত আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন জানান, তার মৃত্যুতে স্থানীয় বিএনপিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।