বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ০২:৩২ পিএম

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পরিবেশ রক্ষা, চারপাশের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর সানিডেল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদেরও অংশগ্রহণের পরামর্শ দেন সরকারপ্রধান। তিনি বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, নিজেদের বাসা ও আত্মীয়স্বজনদের বাড়ির আশপাশেও গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। যেকোনো বিশেষ দিন বা জন্মদিনে একে অন্যকে গাছের চারা উপহার দেওয়ার সংস্কৃতি চালুর ওপরও তিনি জোর দেন।

পরিচ্ছন্নতার বিষয়ে বিদেশের উদাহরণ টানেন প্রধানমন্ত্রী।

লন্ডনে বসবাসের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, সেখানকার নাগরিকরাই নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন রাখেন। দেশেও যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে এবং অন্যদের সচেতন করতে শিক্ষার্থীদের নির্দেশ দেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাসকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। বাসাবাড়ির আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে বলা হয়।

আগামীর নেতৃত্ব হিসেবে তরুণদের উৎসাহিত করতে সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছিল সানিডেল স্কুলের ১২৪ জন শিক্ষার্থী। তাদের সঙ্গে ১৪ জন শিক্ষকও উপস্থিত ছিলেন এবং এ সময় শিক্ষার্থীরা পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেয়।