শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,
বাংলাদেশ-ভুটান সম্পর্ক

সার্ক সক্রিয় করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৮:১৫ পিএম

সার্ক সক্রিয় করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে পুনরায় সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। এ সময় দক্ষিণ এশিয়া অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণের স্বার্থে সার্ককে পুনরুজ্জীবিত করতে ভুটানের কার্যকর সমর্থন প্রত্যাশা করে ঢাকা। ভুটানের প্রধানমন্ত্রীর এই যাত্রাবিরতিকালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সাক্ষাৎকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ দক্ষিণ এশিয়া গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা ভুটানের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। আলোচনাকালে ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়নে পেশাজীবীসহ দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি পাঠিয়ে সক্রিয় অবদান রাখার বিষয়ে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান ড. আব্দুল মঈন খান ও হুমায়ুন কবির।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশ হিসেবে ভুটানের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক ঘটনা স্মরণ করা হয়। তখন থেকেই গড়ে ওঠা দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন দুই দেশের প্রতিনিধিরা। বিমানবন্দরের বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।