নভেম্বর ২২, ২০২৬, ০৩:৩৪ পিএম
থাইল্যান্ডে বারবার চিকিৎসার প্রয়োজন হয় এমন বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি সাক্ষাতে এলে তিনি এ অনুরোধ করেন।
সাক্ষাতে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
চিকিৎসার জন্য ভিসা আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের প্রতি থাইল্যান্ডের সহায়তার প্রশংসা করেন হুমায়ুন কবির। জবাবে যাদের প্রয়োজন, সেসব রোগীকে মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দেন থিটিপর্ন চিরাসাওয়াদি।
দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ তুলে অংশীদারত্ব আরও এগিয়ে নিতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাব স্বাগত জানিয়ে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন থাই রাষ্ট্রদূত।
আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ মর্যাদার জন্য বাংলাদেশের আবেদন এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে যোগদানের আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থনের জন্য থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।
সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রসঙ্গ টেনে বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন তিনি। এসব বিষয়ে থাইল্যান্ডের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন রাষ্ট্রদূত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন