সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৯:৩৫ এএম

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, বৈঠকে দুই পক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে। এর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি।

এসময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এছাড়াও বৈঠকে বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকার বিষয়ে বিভিন্ন অপতথ্য বিস্তাররোধসহ একাধিক দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানালে মার্কিন কর্মকর্তারা সেই বিষয়ে আশ্বস্ত করেন।

বৈঠকে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার এক দশক ধরে শীর্ষ সম্মেলন না হওয়া সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা জোরদার করেছে। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীভূত হতে আসিয়ানে যোগদানের বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

তিনি আরও বলেন, ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বাড়ানো সম্ভব।