অক্টোবর ২৫, ২০২৫, ১২:৪১ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ভয়াবহ আগুনের ঘটনায় কোনো ধরনের অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে চার দেশের বিশেষজ্ঞদের দিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞ দল এই তদন্ত কাজে অংশ নেবে। শনিবার (২৫ অক্টোবর) সকালে শাহজালাল বিমানবন্দর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ কথা জানান।
বিমানবন্দরের অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করে উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি বিমানবন্দরের আগুন একটি দুর্ঘটনা।’ তিনি জানান, আগুন লাগার পর বিমানবন্দরের নিজস্ব চারটি ইউনিট দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেছিল। তবে ঘটনাস্থলে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতেও বেশ সময় লেগে যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘এই চার দেশের বিশেষজ্ঞদের আনতে চাচ্ছি, যাতে তারা পুঙ্খানুপুঙ্খভাবে ইনভেস্টিগেট করে আগুন লাগার প্রকৃত কারণ ও এর জন্য কেউ দায়ী থাকলে সেটা যেন বের করতে পারে।’ এই আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন