শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

প্রাণিদের মানবিক যত্ন নিশ্চিতের আহ্বান ফরিদা আখতারের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ০৬:১৫ পিএম

প্রাণিদের মানবিক যত্ন নিশ্চিতের আহ্বান ফরিদা আখতারের

চিড়িয়াখানায় থাকা প্রাণিগুলোর যথাযথ যত্ন ও সুরক্ষা নিশ্চিত করাকে একটি নৈতিক দায়িত্ব হিসেবে অভিহিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি প্রাণিদের প্রতি মানবিক আচরণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন এবং বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণের মাধ্যমে প্রাণিজগতে ইতিবাচক অবদান রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন শেষে ইন্টার প্রিটেশন সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জাতির একটি অমূল্য সম্পদ, যেখানে দেশের সভ্যতা, সংস্কৃতি ও আচরণের প্রতিফলন ঘটে। তিনি বলেন, ‘আমরা এমন একটি চিড়িয়াখানা গড়ে তুলতে চাই যা সবার জন্য হবে সুন্দর, শিক্ষণীয় এবং বিনোদনমূলক।’ পরিদর্শনের সময় তিনি চিড়িয়াখানার দর্শনার্থীদের আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, অনেক সময় দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দে প্রাণিদের উত্ত্যক্ত করে থাকেন, যা কোনোভাবেই কাম্য নয়।

কোনো প্রাণীকে যেন উত্ত্যক্ত করা না হয়, সে বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। একইসাথে উপদেষ্টা দর্শনার্থীদেরও আরও সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।চিড়িয়াখানার বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের জন্য আধুনিকায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন ফরিদা আখতার। তিনি জানান, এ লক্ষ্যে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়ন প্রকল্প’ বাস্তবায়নের কাজ চলছে।

প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ণ অনুমোদন পেলে আধুনিকায়নের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, বর্তমানে প্রকল্পের আওতায় প্রাপ্ত ৪০ কোটি টাকার বরাদ্দ দিয়ে চিড়িয়াখানার জরুরি চাহিদাগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে ‘প্রাণিকল্যাণ আইন ২০১৯’-এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্যও জোরালো আহ্বান জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান এবং কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা।