অক্টোবর ২৫, ২০২৫, ০৯:০৯ পিএম
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির সাম্প্রতিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি এই রিজার্ভ সঞ্চয়কে তাদের সমর্থিত ঋণ কর্মসূচির অন্যতম একটি ‘কেন্দ্রীয় লক্ষ্য’ হিসেবে বিবেচনা করছে। শুক্রবার (২৪ অক্টোবর) হংকংয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইএমএফ-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং এই প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশ এখনও বৈদেশিক মুদ্রার ভারসাম্যের (পেমেন্ট ভারসাম্য) চাপের সম্মুখীন হচ্ছে, তাই রিজার্ভের এই বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।থমাস হেলব্লিং এক প্রশ্নের উত্তরে বলেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাস করার জন্য রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা জরুরি ছিল। তিনি রিজার্ভ সঞ্চয়ে বাংলাদেশ ব্যাংকের এই সাম্প্রতিক সাফল্যকে বিশেষভাবে স্বাগত জানান। আইএমএফের নিজস্ব হিসাব পদ্ধতি (বিপিএম৬) অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে রিজার্ভে এই উল্লেখযোগ্য বৃদ্ধিকে আইএমএফ ইতিবাচক হিসেবেই দেখছে।রিজার্ভ বৃদ্ধির এই খবরের মধ্যেই আইএমএফের একটি মিশন চলতি মাসেই (অক্টোবর) বাংলাদেশ সফর করবে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা। তিনি জানান, চলমান ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির শর্তাবলী পর্যালোচনার অংশ হিসেবে এটি হবে পঞ্চম পর্যালোচনা মিশন।
থমাস হেলব্ল বলেন, ‘তারা (মিশন) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবে এবং সেই আলোচনার ফলাফল কী হয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মিশনটি মাঠপর্যায়ে বিস্তারিত কাজ করবে।’ তবে, রিজার্ভ বাড়ানোর এই পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, আইএমএফের প্রতিনিধি দল সেই বিষয়টিও মূল্যায়ন করে দেখবে বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন