বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আওয়ামী লীগের নেতারা মদ খায়, কর্মীরাও খায়, সব বাটপারের কারখানা: স্পিকার

জাতীয় ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ০৬:৩৮ পিএম

আওয়ামী লীগের নেতারা মদ খায়, কর্মীরাও খায়, সব বাটপারের কারখানা: স্পিকার

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনের মাধ্যমে নয়, বরং কারচুপির জোরে ক্ষমতা আঁকড়ে থাকার নজির গড়েছিলেন শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, শেষ পর্যন্ত হাজার হাজার কোটি টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে তিনি ভারতে পালিয়ে গেছেন।

বুধবার বিকেলে ভোলার তজুমদ্দিনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

নিজের রাজনৈতিক সততা ও বিগত সরকারের দলীয় নেতাকর্মীদের অর্থনৈতিক উত্থানের বৈপরীত্য তুলে ধরে স্পিকার বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে ঢাকায় তাঁর ব্যক্তিগত কোনো বাড়ি নেই। বিপরীতে বিগত আওয়ামী লীগ সরকারের জাবেদ নামের এক সংসদ সদস্যের বিদেশেই সাড়ে চারশত বাড়ি থাকার তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। রাজনৈতিক অঙ্গন ব্যবহার করে কীভাবে লুটপাটের মাধ্যমে নিজের ভাগ্য গড়া হয়েছে, তা মানুষের সামনে তুলে ধরতেই তিনি এই তুলনা টানছেন বলে উল্লেখ করেন।

বিগত দেড় দশকের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিশ বছর আগে তিনি যখন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন, তখন তজুমদ্দিনে মাদকের কোনো বিস্তার ছিল না। কিন্তু পরবর্তী সময়ে ভোটাধিকার হরণের পাশাপাশি সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের অনেকেই মাদক সেবনের সাথে জড়িয়ে পড়েছে এবং এলাকাকে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারখানায় পরিণত করেছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মাদকের সাথে জড়িতদের শনাক্ত করে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে নির্দেশ দেন তিনি।

এর আগে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও স্পিকারকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। ওই অনুষ্ঠানে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক অসহায়, পঙ্গু ও দুস্থ নাগরিকের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করেন। এ সময় তজুমদ্দিনকে পূর্ণাঙ্গ পৌরসভায় উন্নীত করা এবং সাধারণ মানুষের মুক্ত বিনোদনের সুবিধার্থে একটি সুপরিসর পার্ক নির্মাণসহ এলাকার সার্বিক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ ফুল দিয়ে স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা জানান।