বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ০৩:৫৯ পিএম

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে বিএনপির মিডিয়া সেল থেকে সরকারপ্রধানের এই সরকারি সফরের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

নির্বাচনের পর সরকারপ্রধানের এই উপকূলীয় সফরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক উদ্দীপনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সুন্দরবনের পরিবেশবান্ধব পর্যটন সম্ভাবনা, আন্তর্জাতিক বাণিজ্যের দ্বিতীয় প্রধান কেন্দ্র মোংলা বন্দরের কার্যক্রম সম্প্রসারণ এবং অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ সরেজমিনে পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হবেন তিনি। আকাশপথে সুন্দরবন ও হিরণ পয়েন্টের প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ শেষে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।

পরবর্তী ধাপে নদীপথে তিনি মোংলা নৌঘাঁটিতে পৌঁছাবেন। সেখানে মধ্যাহ্নবিরতির পর বিকেলে মোংলা বন্দরের মূল জেটি এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত এলাকা পরিদর্শন করবেন সরকারপ্রধান।

এ সময় মোংলা বন্দরের পণ্য ওঠানামা ও বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্প স্থাপন সংক্রান্ত বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে তাঁর মতবিনিময়ের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল, দাকোপ উপজেলা এবং মোংলা বন্দর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তিন স্তরের কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

স্থানীয় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, যথাযথ পরিকল্পনা ও অবকাঠামো সম্প্রসারণ নিশ্চিত করা গেলে মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত খানজাহান আলী বিমানবন্দর দ্রুত চালুর বিষয়েও স্থানীয় বাসিন্দাদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।