রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি সরকার: রাশেদ খান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ০৪:৪৬ পিএম

নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি সরকার: রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, 'দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি সরকার।' তিনি মন্তব্য করেন, এ নিয়ে মানুষের মনে সংশয় তৈরি হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যেভাবে কাজ করার দরকার ছিল, তারা সেভাবে কাজ করতে পারছে না।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।রাশেদ খান সতর্ক করে বলেন, পুলিশের মধ্যে ভয় কাজ করছে এবং তারা কোনো জায়গায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। তাঁর মতে, এই অবস্থা চলতে থাকলে আগামী নির্বাচন হবে সবচেয়ে সাংঘর্ষিক নির্বাচন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বাধাহীনভাবে সভা-সমাবেশ করতে পারে, গণসংযোগ করতে পারে—এ দায়িত্ব সরকারের। কিন্তু গণ-অভ্যুত্থানের পরেও রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি, বরং দেশে হানাহানি, মারামারি ও বিদ্বেষ বেড়েই চলেছে।গণ অধিকার পরিষদের এই নেতা অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন:

আপনারা নির্বাচনী পরিবেশ তৈরি করুন। ড. ইউনূস বলেছেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। তবে এখন পর্যন্ত সে পরিবেশ দেখা যাচ্ছে না। সব দলকে ডেকে আলোচনা করে নির্বাচনী পরিবেশ ভালো করার উদ্যোগ নিন। তবেই আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন।

সেরা নির্বাচন করার জন্য মুখের বুলিই শুধু শুনছি। রাজনৈতিক দলগুলোকে সান্ত্বনার বাণী শোনানো হচ্ছে।"এ সময় জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন সহ স্থানীয় যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।