নভেম্বর ৯, ২০২৫, ০৬:১২ পিএম
বিভিন্ন সময় দল থেকে বহিষ্কার হওয়া ও স্বেচ্ছায় পদত্যাগ করা ৪০ জন নেতার পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। রবিবার বিকেলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল
৩৯ জন নেতা-কর্মীকে। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন:
-
সৈয়দ তৌফিকুল হাদী (১ নং ওয়ার্ড বিএনপি নেতা)
-
মিজানুর রহমান মিঠু (৩ নং ওয়ার্ড বিএনপি নেতা)
-
মো. কামাল মিয়া (৫ নং ওয়ার্ড বিএনপি নেতা)
-
ফরহাদ চৌধুরী শামীম (৬ নং ওয়ার্ড বিএনপি নেতা)
-
নজরুল ইসলাম মুনিম (১৪ নং ওয়ার্ড বিএনপি নেতা)
-
অ্যাড. রুকশানা বেগম শাহনাজ (২৫নং ওয়ার্ড বিএনপি নেতা)
-
আলতাফ হোসেন সুমন (৩৯নং ওয়ার্ড বিএনপি নেতা)
-
সংরক্ষিত ওয়ার্ডের সালেহা কবির শেলী, রুহেনা বেগম মুক্তা ও অ্যাড. জহুরা জেসমিন।
আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নিয়েছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকেও দলে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন