মো: মামুনুর রাশিদ
নভেম্বর ১০, ২০২৫, ০৪:৪৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত দলীয় প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদের ধরনে অভিনবত্ব দেখিয়েছেন নেতাকর্মীরা।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে বিরল উপজেলার কাঞ্চন মোড়ে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালন করে বিএনপি'র একাংশের নেতাকর্মী ও সাধারণ মানুষ।এসময় রাস্তার পাশে প্রতীকী প্রতিবাদ স্বরূপ ফাঁসির মঞ্চ বানিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীর একাংশ গলায় দড়ি দিয়ে রাখে।
এর আগে দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মনোনয়ন প্রার্থীর বাতিলের দাবিতে বিক্ষোভ করতে থাকে।বিক্ষোভকারী নেতাকর্মীরা অভিযোগ করেন:
দলের মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ মনোনয়ন পাওয়ার পর পরই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়ের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন।এই সাক্ষাতের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিমেষেই ভাইরাল হয়।
বিক্ষোভকারীরা তাদের দাবির পক্ষে বলেন, দলীয় প্রার্থীর এমন পদক্ষেপ দলের আদর্শ ও চেতনার পরিপন্থী। তাই অবিলম্বে এই আসনটির মনোনয়ন প্রত্যাহার করে নতুন করে এমপি প্রার্থীর মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।