নভেম্বর ১৩, ২০২৫, ০৮:২৩ পিএম
গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একমাত্র পথ হলো নির্বাচন— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এফএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি আশা প্রকাশ করেন, দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার গঠিত হলে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে সহায়ক হবে।
মির্জা ফখরুল তার বক্তব্যে দেশের গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকটের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, এই জাতি বরাবর গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, লড়েছে, সংগ্রাম করেছে; কিন্তু দুর্ভাগ্যক্রমে গণতন্ত্রের চর্চা করার কোনো সুযোগ পায়নি।
তিনি অভিযোগ করেন, পাকিস্তান আমল থেকে বারবার গণতন্ত্র আহত হয়েছে এবং এমনকি একটি গণতান্ত্রিক শক্তিই প্রথম গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল। তার মতে, গণতন্ত্রের চর্চা না হওয়ার কারণেই আজ আমরা অনাস্থা, দুশ্চিন্তা ও অস্থিরতার মধ্যে পড়েছি।
বিএনপি মহাসচিব জুলাই যুদ্ধের শহিদদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা জাতিকে একটি সুযোগ করে দিয়েছেন— এবার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। তার মতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলাই এখন প্রধান দায়িত্ব। তিনি বলেন, যত দ্রুত আমরা নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারব, ততই দেশের মঙ্গল হবে এবং এর মধ্য দিয়েই আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করতে পারব।
সংস্কারের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কিছু মতপার্থক্য থাকবেই। প্রধান কাজ হলো, ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জনগণের পার্লামেন্ট নির্বাচন করা, আর সেই পার্লামেন্টে জনগণের সব অমীমাংসিত ইস্যু আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাওয়া। তবে তিনি প্রধান উপদেষ্টার ঘোষিত আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। এটিকে নির্বাচনের আগে জনগণের কাছে বোধগম্য করার চেষ্টা করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন