মো: মামুনুর রাশিদ
নভেম্বর ১৪, ২০২৫, ০৩:৫৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজের পর শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন দলটির জ্যেষ্ঠ নেতারা।
দলীয় সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন—এমন বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন নেতাকর্মীরা।
প্রচারণার অংশ হিসেবে আজ জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
জ্যেষ্ঠ সহ-সভাপতি মোকাররম হোসেন এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।এর আগে, কর্মসূচির শুরুতে বিএনপি নেতারা শহরের ফরিদপুর গোরস্থানে যান। সেখানে তাঁরা বেগম খালেদা জিয়ার বড় বোন মরহুম খুরশিদ জাহান হক (চকলেট আপা) এবং মা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল মরহুমদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।