রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০১:৩৯ পিএম

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের রাজনীতি বর্তমানে গভীর বিভ্রান্তি ও জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকার সবার সমর্থনে গঠিত হলেও রাজনৈতিক কাঠামো পুনর্গঠনের যে চেষ্টা করা হচ্ছে, তার অগ্রগতি এখনো জনগণের কাছে পরিষ্কার নয়। তিনি হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন।

তবে তিনি সতর্ক করে দেন যে, একটি বিশেষ মহল দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করে এই নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে।সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে সৃষ্ট উদ্বেগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, একটি গোষ্ঠী এ পরিস্থিতিকে পুঁজি করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় আবারও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় এবং একটি নির্বাচিত সরকার ছাড়া এসব বহুমুখী সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই নির্বাচন বিলম্ব না করে এই প্রক্রিয়াকে সমর্থন দিতে এবং জনগণের ভোটাধিকারের প্রতিফলন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মওলানা ভাসানীর আদর্শ স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ভাসানী স্বাধীনতা আর কল্যাণমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। তিনি ভাসানীর সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঐতিহাসিক সম্পর্কের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।