রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের দেশ: উঠান বৈঠকে বিএনপি নেতা নুরুল হুদা

মোঃ আব্দুর রাজ্জাক

নভেম্বর ১৯, ২০২৫, ১০:৫৬ পিএম

বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের দেশ: উঠান বৈঠকে বিএনপি নেতা নুরুল হুদা

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা ওরফে বাবু পার্বতীপুর উপজেলায় উঠান বৈঠক করেছেন। বৈঠকে তিনি দেশের সম্প্রীতি ও বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

আজ বুধবার (১৯ নভেম্বর) রাতে পার্বতীপুর উপজেলাধীন ৪নং পলাশবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হলদীবাড়ী দোলাপাড়া গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা বৈঠকে বিএনপি’র ৩১ দফা বিষয়ে তুলে ধরে বলেন, “বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের দেশ। সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই আমাদের সমাজ টিকে আছে।”

তিনি আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে, জনগণের ঐক্য ও গণতান্ত্রিক অধিকারই জাতির উন্নয়নের প্রধান চালিকা শক্তি। রাজনীতি কোনো বিভেদের বিষয় নয়; বরং এটি ঐক্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম, অরুণ রায় ও পাভেল প্রমুখ।