নভেম্বর ২৫, ২০২৫, ০৩:০১ পিএম
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সুস্থতার জন্য অপেক্ষা করছে দল ও দেশ—এই বার্তা দিয়ে তিনি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মির্জা ফখরুল তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি বার্তা সংবলিত ফটোকার্ড শেয়ার করেন।
সেই ফটোকার্ডে লেখা ছিল: ‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’। এর মাধ্যমে তিনি দলীয় প্রধানের সুস্থতা কামনা করে দেশবাসীর অনুভূতি প্রকাশ করেন।
এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছে।ডা. জাহিদ হোসেন বলেন, চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন।
উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরার পর থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন