শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ক্ষমতায় গেলে স্বাস্থ্য সেবা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেবে জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৫:২৬ পিএম

ক্ষমতায় গেলে স্বাস্থ্য সেবা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেবে জামায়াত

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে বাজেটে বিশেষ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান। তার মতে, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে জামায়াতের প্রথম কাজ এবং এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) জামায়াতে ইসলামী সূত্রাপুর থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মান্নান দেশের স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে বাজেটের প্রতি ১০০ টাকায় স্বাস্থ্যখাতের জন্য মাত্র ৩ টাকা ৩২ পয়সা বরাদ্দ করা হয়।

তিনি এটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, বিশ্বের ৫১টি নিম্নমধ্যম আয়ের দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এই খাতে ৪৮তম। তিনি মনে করেন, বাংলাদেশের মোট জনসংখ্যার বিবেচনায় স্বাস্থ্যখাতের বাজেটে কমপক্ষে ১০ শতাংশ বরাদ্দ করা জরুরি। তাহলেই প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।তিনি অভিযোগ করেন, অতীতের কোনো সরকারই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেনি, বরং তারা দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিল।

যার ফলস্বরূপ জনগণ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, অথচ জনগণের করের টাকায় এমপি-মন্ত্রী ও আমলারা বিলাসী জীবনযাপন করছে।ড. মান্নান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে "সবার আগে দেশ; সবার ঊর্ধ্বে জনগণ"—এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে। তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় বিচারিক হত্যা করা হলেও দুর্নীতি বা অনিয়মের কোনো অভিযোগ আনতে পারেনি সরকার।

তাই তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।উদ্বোধনী সভায় আরও উপস্থিত ছিলেন সূত্রাপুর পূর্ব থানা আমির নোমান শিকদার, সূত্রাপুর উত্তর থানা আমির রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।