ডিসেম্বর ১, ২০২৫, ১১:১১ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিগত আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে দায়ী।
আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন বিএনপির সভাপতির জানাজায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে কোনো যথাযথ কারণ ছাড়াই জেলে রাখা হয়েছিল এবং জেলেই ওনার অসুস্থতার শুরু। তিনি অভিযোগ করেন:দীর্ঘ ১৬ বছর তিনি যথাযথ চিকিৎসকের পরামর্শ পাননি। বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলেও তাকে অনুমতি দেওয়া হয়নি।
এ কারণেই তার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হয়েছে। এর জন্য আমি মনে করি বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিগত আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে দায়ী।"
তিনি খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা তুলে ধরে বলেন, "আপনাদের সবার দোয়ার বরকতে যেভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার তুলনায় এখন অল্প কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো সম্পূর্ণ সুস্থ নন। তাই আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।
মরহুম মো. নজরুল ইসলাম জিতুর জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আতাউর রহমান সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন