মোঃ আব্দুর রাজ্জাক
ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:৫০ পিএম
দিনাজপুর পৌর ১১ ও ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা সভা ও তাঁর রোগমুক্তি কামনায় পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উভয় অনুষ্ঠানে প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় অংশ নেন ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে আসা অসংখ্য সমর্থক ও নেতাকর্মী।
১১ নং ওয়ার্ডের সভা :আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে শহরের মিশন রোডে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।১২ নং ওয়ার্ডের সভা১১নং ওয়ার্ড বিএনপির অনুষ্ঠান শেষে বাদ মাগরিব শহরের পুলহাটে পৌর ১২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহম্মেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মন্ডল বকুল। ১২নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন রতনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ ও পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া।
বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন ও দিনাজপুর-৩ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে।