ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:০৫ পিএম
দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী (দিনাজপুর ৫) সংসদীয় আসনে বিএনপি নেতা ও সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হককে মনোনয়ন না দেওয়ায় উপজেলা বিএনপির ডাকে এক প্রতিবাদ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয় সংলগ্ন প্রাঙ্গণে এই প্রতিবাদ জনসভার আয়োজন করা হয়।পৌর সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান।
যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দীর্ঘ ৩০-৩২ বছর ধরে এ জেড এম রেজওয়ানুল হক পার্বতীপুর-ফুলবাড়ীর বিএনপিকে আগলে রেখেছেন। এত দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকে মনোনয়ন না দিয়ে গত ৫ আগস্টের পর রাজনীতিতে আবির্ভূত, লন্ডনপ্রবাসী এ কে এম কামরুজ্জামানকে দিনাজপুর ৫ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে উক্ত সিদ্ধান্ত বাতিল করে এ জেড এম রেজওয়ানুল হককে দিনাজপুর-৫ আসনে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন