ডিসেম্বর ৮, ২০২৫, ১০:২৪ পিএম
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপি নেতা এ জেড এম রেজওয়ানুল হককে মনোনয়ন না দেওয়ায় ফুলবাড়ীতে তীব্র প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ঘণ্টাব্যাপী দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দুপাশে শত শত গাড়ি আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আজ সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে পৌর শহরের বটতলি মোড়ে মনোনয়ন পরিবর্তনের দাবিতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাষ্টার।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী এ জেড এম রেজওয়ানুল হক।
তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "আমাকে মনোনয়ন দেওয়া হোক। আমি আপনাকে এই সিট, আমরা আপনাকে উপহার দিব ইনশাআল্লাহ।"তিনি আরও বলেন, এই ফুলবাড়ী-পার্বতীপুরবাসী বিগত সময়ে সুখে-দুঃখে আমাদেরকে পাশে পেয়েছেন। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রতিটি কর্মীর নাম আমরা বাড়ি থেকে বসে বলতে পারব। অপর ব্যক্তি যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি নেতাকর্মীদের পরিপূর্ণভাবে চিনেন না।বক্তারা বলেন, দীর্ঘ ৩০-৩২ বছর ধরে পার্বতীপুর-ফুলবাড়ীতে বিএনপিকে আগলে রেখেছেন এ জেড এম রেজওয়ানুল হক।
তাঁকে মনোনয়ন না দিয়ে ৫ আগস্টের পর রাজনীতিতে আবির্ভূত লন্ডনে বসবাসকারী নতুন মুখ এ কে এম কামরুজ্জামানকে দিনাজপুর-৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এ জন্য তারা তীব্র প্রতিবাদ জানান।বক্তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে এ জেড এম রেজওয়ানুল হককে এই আসনে মনোনয়ন দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ীর চণ্ডিপুর ইউনিয়ন সভাপতি রনি সুলতানা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিনহাজুল হক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান স্বপন, পৌর যুব দলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ভিপি স্বপন, ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, যুগ্ম আহ্বায়ক জামান সরকার সহ ফুলবাড়ী ও পার্বতীপুরের বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন